ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়ার হারের জন্য স্বাগতিক বোলারদের তীব্র সমালোচনা করলেন ভারতের লিজেন্ডারি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সেই সঙ্গে প্রশংসা করলেন ডি ভিলিয়ার্সের।
সিরিজের প্রথম ম্যাচ হারলেও, দ্বিতীয় ম্যাচেই সমতা আনে ভারত। আবার তৃতীয় ম্যাচ হারলেও, চতুর্থটি জিতে সিরিজে সমতা নিয়ে আসে টিম ইন্ডিয়া। ফলে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি হয়ে দাঁড়ায় ট্রফি জয়ের সর্বশেষ যুদ্ধ। আর সেই আসল যুদ্ধে যাচ্ছেতাই ভাবে হেরেছে স্বাগতিক ভারত। এর দায় পুরোটাই ভারতীয় বোলারদের দিলেন গাভাস্কার।
ভারতীয় বোলারদের অনিয়ন্ত্রিত এবং লাইন-লেন্থহীন বোলিংয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানদের দুরন্ত ব্যাটিংয়ে রানের চাপে চ্যাপ্টা হয়ে যায় ভারত। কুইন্টন ডি কক, ফাফ ডু-প্লেসিস ও ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪৩৮ রান করে দক্ষিণ আফ্রিকা। আর সেখানেই ভারতের হার রচিত হয়ে যায়। অবশ্য পরে ২২৪ রানে অলআউট হয়ে ভারতীয় ব্যাটসম্যানরা হার নিশ্চিত করেন।
মুম্বাইয়ে ২১৪ রানে সিরিজের শেষ ম্যাচ হেরে যাওয়ায় ভারতীয় বোলারদের সমালোচনা করলেন গাভাস্কার। তার মতে, 'নমনীয়ভাবে বোলারদের পরিবর্তন করতে পারছেন না ধোনি। কিন্তু তার হাতে অনেক বেশি সুযোগও নেই। নির্দিষ্ট পরিকল্পনাতেই বোলারদের বিভিন্নভাবে পরিবর্তন করার চেষ্টা করেছেন ধোনি। কিন্তু অনেক বোলারই পঞ্চম ম্যাচে নিজেদেরকে মেলে ধরতে পারেননি। ভারতীয় দলের প্রধান সমস্যা বোলিং। টি-২০ ও ওয়ানডে সিরিজে সেটি আমরা ভালোভাবেই দেখতে পেরেছি। ওয়াংখেড়ের পিচে ভালো টার্ন ছিলো। কিন্তু ভারতীয় বোলাররা সেটি কাজে লাগাতে পারেনি। পেসাররা ১৩৫ কি.মি বেগে শর্ট পিচ বল করে গেছে। দলের জন্য এটি অনেক বেশি খারাপ ছিলো। তাদের এমন বোলিংয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। যদি তুমি বাউন্সার দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাও, তবে ১৪৫ কি.মি বেগে বল করতে হবে। ভুবেনশ্বর ও মোহিত তা পারেনি, অনেক বেশি রান তারা দিয়ে দিয়েছে।'
তবে দলে রবীচন্দ্রন অশ্বিন থাকলে সিরিজে ফল অন্য রকম হতে পারতো বলে মন্তব্য করেন গাভাস্কার। টেস্ট সিরিজে অশ্বিনকে দলে দেখা যাবে বলে আশা করেন তিনি, 'অশ্বিনকে খুব মিস করে টিম ইন্ডিয়া। অশ্বিন খেলতে পারলে সিরিজের ফল অন্যরকম হতো। যা ভারতের পক্ষেই যেত। তৃতীয় ম্যাচে নেটে তাকে বল করতে দেখেছি আমি। আমার মনে হয়, সে আগের চেয়ে সুস্থ হয়েছে। আশা করছি টেস্টে সিরিজের প্রথম থেকেই দলকে সার্ভিস দিতে পারবে অশ্বিন।'
দুর্দান্তভাবে পঞ্চম ম্যাচ জয়ের কারণে দক্ষিণ আফ্রিকা দলের প্রশংসা করেছেন গাভাস্কার। বিশেষভাবে দলের অধিনায়ক ডি ভিলিয়ার্সকে প্রশংসায় ভাসিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, 'এক কথায় ডি ভিলিয়ার্স হলো সুপারম্যান। প্রতিপক্ষের সকল পরিকল্পনা কিভাবে ভেস্তে দিতে হয়, তা সে করে দেখিয়েছে। এমন দুর্ধর্ষ ব্যাটিং সে আগেও করেছে। অধিনায়ক হিসেবে তার পারফরমেন্স ছিলো অসাধারণ।' বাসস।

