অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন অধিনায়ক স্টিভ স্মিথের প্রশংসা করেছেন দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। নতুন অধিনায়কের দল পরিচালনা এবং সক্ষমতার প্রশংসা করে পন্টিং বৃহস্পতিবার বলেছেন, স্মিথ অস্ট্রেলিয়ার সেরা খেলোয়াড় এবং টেস্ট ক্রিকেটে তার তিন নম্বরে ব্যাটিং করা উচিত।
চার নম্বরে ব্যাট করতে পারেন বলে ইতোপূর্বে স্মিথ নিজেই জানিয়েছিলেন। তবে স্মিথের এমন মতের সঙ্গে দ্বিমত পোষণ করা পন্টিং বলেন, তিনি চান আগামী মাসে নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে তিন নম্বরে ব্যাট করুক অধিনায়ক। বুধবার রাতে স্পোর্টস অস্ট্রেলিয়া হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার পর সাংবাদিকদের পন্টিং বলেন, আমি সব সময়ই বলে আসছি, সেরা খেলোয়াড়দের তিন নম্বরে ব্যাটিং করা উচিত এবং আমি মনে করি এই মুহূর্তে পরিষ্কারভাবেই সে (স্মিথ) আমাদের সেরা ব্যাটসম্যান। গত আগস্টে ইংল্যান্ডের কাছে ৩-২ ব্যবধানে এ্যাশেজ সিরিজ খোয়ানোর পর মাইকেল ক্লার্ক অবসর নিলে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব পান স্মিথ। তার সম্পর্কে পন্টিং বলেন, তরুণদের মধ্যে সে একজন ব্যতিক্রমধর্মী খেলোয়াড়। সে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হতে চায় এবং এমন মানসিকতা থাকাটা অনেক বড় কিছু। সে সর্বকালের সেরা খেলোয়াড় হতে চায়। কোচ এবং নির্বাচকদের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে। কেননা, সে এমন ধরনেরই একজন ব্যক্তি। পাশাপাশি তাকে আরেকটা বিষয় নিশ্চিত করতে হবে। ড্রেসিং রুমে সকলকে একই চোখে দেখতে হবে। বাসস।

