সদ্য শেষ হলো ভারত ও দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পঞ্চম ও শেষ ম্যাচে ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচে প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়াসের্র ব্যাটিং-এর প্রশংসা করেন ভারতের সাবেক মাষ্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। সেই সাথে ভারতীয় দল নিয়ে কথা বলেছেন তিনি।
ডি ভিলিয়ার্স ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে মুম্বাইয়ে সিরিজের পঞ্চম ওয়ানডেতে ৬১ বলে ১১৯ রান করেন। বিধ্বংসী এই সেঞ্চুরি করার পথে ১১ টি ছক্কা মারেন ডি ভিলিয়ার্স । এই দানবীয় ব্যাটিংয়ে মুগ্ধ টেন্ডুলকার বলেন, বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। ঐ ম্যাচেও তার ব্যাটিং অবিশ্বাস্য ছিলো। ডি ভিলিয়ার্সের ব্যাটিং তার নিজের সময়ের চেয়ে অবশ্যই অনেক বেশি এগিয়ে আছে। তার ব্যাটিং, টাইমিং ও বল-এ হিট করার গতি দুর্দান্ত। তার ব্যাটিং দেখে মনে হয়, বিশ্বের যে কোনও ব্যাটসম্যানের চেয়ে ডি ভিলিয়ার্স প্রতিটা বল খেলার জন্য বেশি সময় পায়। এমন ব্যাটিং অব্যাহত থাকলে, ডি ভিলিয়ার্স অনেক রেকর্ড গড়বে। সিরিজ হেরে যাওয়ায় ভারতীয় দলের সমালোচনা করছে অনেকেই। তবে দলকে সমর্থন দিয়েছেন এই কিংবদন্তি। তিনি বলেন, আমাদের বর্তমান দলটা অনেক বেশি ভালো এবং ভারসাম্যপূর্ণ। তবে সব ম্যাচেই তারা যে জিতবে এটা কোন কথা হতে পারে না। প্রত্যেক দলের পারফরমেন্সে উঠা নামা করে। কোন দলই সব ম্যাচ জিততে পারে না। ভারত যখন ভালো খেলবে তখন আপনি বাহবা দিবেন। আবার খারাপ খেললে ‘উফ’ বলবেন। এটা ঠিক নয়। আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। অনেক বেশি ধৈর্য্যশীল হতে হবে। ভারতীয় দল নিয়ে আমরা অনেক বেশি আবেগপ্রবণ।
আগামী মাসে আমেরিকায় অল স্টার টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন। এই বিষয়ে তিনি বলেন, আগামী মাসেই আমেরিকায় অল স্টার্স লিগের খেলা আছে। ঐ লিগের তিনটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ নিয়ে আমি খুব উত্তেজিত। গত বছর লর্ডসে প্রদর্শনী ম্যাচ খেলার পর অনেক অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের সাথে আমাদের কথা হয়েছিলো। তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম, খেলা থেকে অবসর নিলেও ক্রিকেট নিয়ে আমাদের ভালবাসা আগের মতোই আছে। সেখান থেকেই ক্রিকেট অল স্টার্স লিগ শুরু করার চিন্তা করি আমি ও ওয়ার্ন। তবে অনেকেই প্রশ্ন তুলেছে, লীগটি আমেরিকায় কেন? সেই প্রসঙ্গে টেন্ডুলকার বলেন, আমাদের অনেক বন্ধু পেশাগত কারণে গত পচিশ বছর যাবত সেখানে আছেন। সেখানকার আমেরিকানরা আমাদের বন্ধুদের মাঠে নিয়ে বাস্কেটবল ও বেসবল খেলা কি সেটা বুঝায়। তাই আমরা ভাবলাম, আমাদের বন্ধুরা এবার আমেরিকানদের মাঠে নিয়ে এসে অলস্টার লীগের খেলা দেখিয়ে ক্রিকেট খেলাটা তাদের ভালো করে বুঝিয়ে দিক। পুরো বিশ্বে ক্রিকেট খেলা কেন এত জনপ্রিয় সেটাও বুঝতে পারুক তারা। বাসস।

