মায়ানমারে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচনে বৃহস্পতিবার আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের দিন যারা নিজ নিজ নির্বাচনী আসনে ভোট দিতে পারবেন না তারা আগাম ভোট দিচ্ছেন। এদের অধিকাংশই সৈনিক এবং সরকারি কর্মচারী।
মায়ানমারে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে চলতি মাসের গোড়ার দিকে বিদেশে অবস্থানরত দেশের নাগরিকরা আগাম ভোট দেয়ার পর এখন দেশে অবস্থানরতদের আগাম ভোট গ্রহণ শুরু হলো। তবে কিছু কিছু আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক আগাম ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত ২০১০ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে আগাম ভোট গ্রহণ ব্যস্তে গিয়েছিল। বৃহস্পতিবার ইয়াঙ্গুনের উপকণ্ঠে থারকেটা শহরতলীর একটি ভোট কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তারা বলেন, তাদের কেন্দ্রে প্রায় ৭ হাজার ভোটার ভোট দেবেন। সাব-কমিশন চেয়ারম্যান ৭৪ বয়সী অং তিন ভোটার তালিকাকে ৮০ শতাংশ নির্ভুল বলে উল্লেখ করেন।
বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এ ভোটার তালিকা ভুলে ভরা বলে দাবি করেছিল। নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি ও অং সান সুকির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কর্মীরা ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত রয়েছেন। সামরিক ঘাঁটিগুলোতে নির্বাচনের আগে হাজার হাজার সৈনিক ভোটদানে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এরা নিজেদের নির্বাচনী আসনের অনেক দূরে দায়িত্ব পালনের কারণে নির্বাচনের দিন ভোট দিতে পারবেন না। ৭ নভেম্বর আগাম ভোট গ্রহণ শেষ হবে। ৮ তারিখের নির্বাচন সুষ্ঠু হলে অং সান সুকির এনএলডি জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।

