গৃহকর্মী সুরক্ষা নীতিমালা আগামী ডিসেম্বরে চূড়ান্ত হবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রিসভায় এ নীতিমালা অনুমোদিত হলেই এ বিষয়ে আইন তৈরি হবে। আর এই নীতি চূড়ান্ত হলে বাংলাদেশের ৩০ লাখ গৃহকর্মী তাদের মজুরি, কল্যাণ ও অন্যান্য সুবিধাগুলো পাবে।
নীতি বাস্তবায়নে সিটি মেয়র, পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সুধী-সমাজ ও স্থানীয় অধিক্ষেত্রে কর্মরত সরকারি প্রতিনিধিদের নিয়ে প্রয়োজনীয়-সংখ্যক দল গঠন করে পরিদর্শন কার্যক্রম চালানো যাবে।
বাংলাদেশের ব্যক্তিমালিকানাধীন গৃহ, মেস, ডরমিটরি প্রভৃতি যে সব কর্মস্থলে গৃহকর্মীরা পূর্ণকালীন বা খণ্ডকালীন গৃহকর্মে নিয়োজিত থাকেন, এ নীতি বিশেষভাবে গৃহকর্মী, নিয়োগকারী ও তার পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সব ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান এবং আইন-শৃঙ্ঘলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ‘এ নীতির মাধ্যমে গৃহকর্মীরা স্বীকৃতি পাবে। তবে গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে অবশ্যই আইন করতে হবে। এই নীতি কার্যকর হলে গৃহকর্মী নির্যাতনের মাত্রা কমবে। গৃহকর্মীদের অধিকারের ক্ষেত্রেটিও এক ধাপ এগিয়ে যাবে।’

