বিদেশি হত্যার ঘটনায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিদেশি হত্যার পেছনে বিএনপি-জামায়াতকে জড়িয়ে অমূলক ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়া হচ্ছে।’
বুধবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বিদেশি হত্যায় বিএনপি-জামায়াত জড়িত বলে দেয়া বক্তব্য সম্পূর্ণ অমূলক ও বিভ্রান্তিমূলক। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বিরোধীদলকে এসব বিষয়ে দায়ী করা এখন একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গিয়ে সহসা দেশে ফিরছেন না বিধায় ক্ষমতাসীনদের নানা সন্দেহ প্রকাশের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘এটাও অমূলক সন্দেহ, তিনি অবশ্যই ফিরবেন এবং খুব শিগগির ফিরবেন। তিনি চিকিত্সায় আছেন। চিকিত্সা শেষে ডাক্তারের পরামর্শক্রমেই ফিরে আসবেন।’

