হামলার শঙ্কা প্রকাশ করে নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সতর্ক করলেও তার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ বিদেশিরা দেখাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বিদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের নেয়া পদক্ষেপে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হলেও এখনও শঙ্কামুক্ত নন। তিনি বলেন, বাংলাদেশে বিদেশিদের ওপর আরো হামলা হতে পারে বলে ‘সুনির্দিষ্ট তথ্য’ থাকার কারণেই দূতাবাসের পক্ষ থেকে তার দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে।
এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা তো তাকে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছি। স্পেসিফিক্যালি যদি কিছু না বলতে পারে, তাহলে এটা ভাসাভাসা থেকে যায়। অনুমানভিত্তিক কথা হয়ে যায়। সেই অনুমানভিত্তিক কথাই এটা হয়েছে।’

