দুবাই টেস্ট জিতলো পাকিস্তান

S M Ashraful Azom
ইংল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্ট ১৭৮ রানে জিতে নিলো পাকিস্তান। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। এর আগে প্রথম টেস্টটি ড্র হয়।
দুবাই টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ৪৯১ রানের টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩০ রান তুলেছিলেন ইংলিশরা। ফলে পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জয়ের জন্য ৩৬১ রান প্রয়োজন পড়ে সফরকারীদের। হাতে ছিলো ৭ উইকেট।
পঞ্চম দিনে ব্যাট হাতে শুরু করেছিলেন জো রুট ও জনি বেয়ারস্টো। রুট ৫৯ ও বেয়ারস্টো ৬ রান নিয়ে শুরু করেন। কিন্তু ৭১ রানেই থেমে যেতে হয় রুটকে। আর ২২ রানে থামতে হয় বেয়ারস্টোকে। ফলে ইংল্যান্ডের ম্যাচ হারের পথ তৈরি হয়ে যায়। তবে সেই হারের পথকে আরো বেশি পরিষ্কার করেন বেন স্টোকস ও জস বাটলার। স্টোকস ১৩ ও বাটলার ৭ রান করেন।
১৯৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে হারের অপেক্ষাই করছিলো ইংল্যান্ড। জয়ের স্বপ্ন দেখছিলো পাকিস্তান। কিন্তু শেষদিকে আদিল রশিদ ৬১, স্টুয়ার্ট ব্রড ৩০ ও মার্ক উড ২৯ রানের ইনিংস খেললে জয়ের স্বাদ পেতে বেশ অপেক্ষা করতে হয় পাকিস্তানকে। দিনের খেলা শেষ হবার ৩৯ বল আগে ৩১২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এরপরই জয়ের আনন্দে মেতে উঠে মিসবাহ’র দল। পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নিয়েছেন স্পিনার ইয়াসির শাহ। ম্যাচে ৫ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। আগামী ১ নভেম্বর শারজাহে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৩৭৮ ও ৩৫৪/৬ ডি. (ইউনিস ১১৮, মিসবাহ ৮৭, এন্ডারসন ২/২২)।
ইংল্যান্ড : ২৪২ ও ৩১২ (রুট ৭১, রশিদ ৬১)।
ফলাফল : পাকিস্তান ১৭৮ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
ম্যান অব দ্য ম্যাচ : ওয়াহাব রিয়াজ (পাকিস্তান)।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top