সেবা ডেস্ক: পশ্চিম তীর ও গাজায় গত শুক্রবার বিক্ষোভকালে ইসরায়েলী বাহিনীর হামলায় আটমাসের এক শিশুসহ তিন ফিলিস্তিনী নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, বেথেলহামের কাছে একটি গ্রামে কাঁদানে গ্যাসের প্রভাবে শ্বাস বন্ধ হয়ে আট মাস বয়সী শিশু রমজান মোহাম্মদ ফয়সাল থাওয়াবতা নিহত হয়েছে। বেই ফাজ্জারে ইসরায়েলী সেনারা বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছুড়লে এ ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলী বাহিনীর গুলিতে কাসেম সাবানা (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১৭ বছর বয়সী অপর এক কিশোর।
ইসরায়েলী পুলিশ দাবি করেছে, ওই দুই ফিলিস্তিনী মোটরসাইকেলে চড়ে নিরাপত্তাচৌকির কাছে আসে। এ সময় তাদের হাতে ছুরি ছিল।
এ ছাড়া হাসপাতালে অন্তত সাত ফিলিস্তিনী গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এ ছাড়া হাসপাতালে অন্তত সাত ফিলিস্তিনী গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
জেরুজালেমে এ দিন ইসরায়েলী সেনার আক্রমণে আহত অপর এক ফিলিস্তিনী মৃত্যুবরণ করেছে।
এ নিয়ে চলতি অক্টোবরে ইসরায়েলী বাহিনী ও বসতি স্থাপনকারীদের আঘাতে ৬৯ ফিলিস্তিনী নিহত হল। অপরদিকে প্রতিশোধমূলক হামলায় নিহত হয়েছে ৯ ইসরায়েলী।
এমন অবস্থায় ফিলিস্তিনীদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
