বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘একদিকে সরকার জনগণের ভোটকে ভয় পায়। অন্যদিকে ভোটের মাধ্যমে জনগণ যখন নেতা নির্বাচন করে তখন বিরোধী শক্তির হলে তাকে সরিয়ে দেয়া হয়। গণতন্ত্রের কোনো সংজ্ঞাই এই সরকার মানে না। এ সময় খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসলে যারা মিথ্যাচার করেছেন তাদের মুখে চুনকালি পড়বে।’
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হান্নান শাহ বলেন, ‘বর্তমান সরকারের কিছু কর্তাব্যক্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা নতুন কিছু নয়। কারণ সরকার সব সময়ই মিথ্যাচার করে আসছে। দীর্ঘদিন পর লন্ডনে মা ও ছেলের দেখা হয়েছে। কিন্তু অনেকেই বিষয়টি নিয়ে কুত্সা রটাচ্ছেন। যারা কুত্সা রটাচ্ছেন তারা পাপী।’
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকার পূর্ণ বাকশাল কায়েম করতে চায় বলে মন্তব্য করে হান্নান শাহ বলেন, ‘দিল্লি বহুদূর। বাকশাল কায়েমের চিন্তা বাদ দিয়ে দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য দ্রুত নির্বাচন দিন।’

