প্রথমবারের মতো স্মার্টফোনের জন্য গেমস নিয়ে আসছে জাপান ভিত্তিক ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেন্ডো। তবে প্রতিষ্ঠানটির প্রথম স্মার্টফোন গেমটি নিনটেন্ডোর বিশ্বজুড়ে জনপ্রিয় গেমস সুপার মারিও নয়, নতুন এই গেমটির নাম মিটোমো।
বৃহস্পতিবার টোকিওতে আয়োজিত অনুষ্ঠানে মিটোমো স্মার্টফোন গেমস এর ঘোষণায় জানানো হয়েছে গেইমসটি প্রতিষ্ঠানের অন্য গেমসের মতো হবে না। এটি হবে অনেকটা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় গেমসের মতো। মিটোমো গেম নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ২০১৭ সালের মধ্যে ৫টি স্মার্টফোন ভিডিও গেম অ্যাপ্লিকেশন আনারও ঘোষণা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। মারিও ছাড়া নিনটেন্ডোর গেইমস এমন সংবাদে প্রতিষ্ঠানটির শেয়ারে ব্যাপক দরপতন ঘটেছে। টোকিও শেয়ার বাজারে নিনটেন্ডোর শেয়ার এক দিনেই ১০ শতাংশ কমেছে। প্রথমে শোনা যাচ্ছিল গেমটি এ বছরের শেষের দিকে বাজারে আসছে। তবে আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে গেমটি আসছে বছরের মার্চে গ্রাহক পর্যায়ে দেওয়া হবে। স্মার্টফোন গেমটিতে সুপার মারিও না থাকায় হতাশ গেমাররা। তবে বিশ্লেষকরা বলছেন এটি স্মার্টফোন গেমে প্রবেশে নিনটেন্ডোর সতর্ক পদক্ষেপ। সিএনএন।

