পাকিস্তান তার কৌশলগত ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ মেনে নেবে না। যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এমন সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে আভাস দিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা। খবর রয়টার্সের।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শরীফের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর একদিন আগে বুধবার পাকিস্তানি কর্মকর্তারা ওই কথা জানান। ক্ষুদ্র পরমাণু অস্ত্রের কারণে পারমাণবিক শক্তিধর বৃহত্ প্রতিবেশফ রাষ্ট্র ভারত পাকিস্তানে আকস্মিক হামলা চালাতে অনুত্সাহিত হবে বলে মনে করছে পাকিস্তান। কিন্তু যুক্তরাষ্ট্রের ধারণা, ক্ষুদ্র আকারের কারণে প্রচলিত যুদ্ধেও এ ধরনের পরমাণু অস্ত্র ব্যবহারে প্রলুব্ধ হতে পারে পক্ষগুলো। এতে ইতিমধ্যেই অস্থিতিশীল হয়ে থাকা ওই এলাকার পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের ক্রমবর্ধমান পরমাণু অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের মাঝেই সম্পর্ক উন্নয়নের জন্য ওবামা প্রশাসন দেশটির কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তানের কাছে কৌশলগত ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। কিন্তু সম্ভাব্য হামলা থেকে ভারতকে বিরত রাখতে ইসলামাবাদ বিকল্প জারি রাখতে চায় বলে জানান সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক স্টাবিলিটি ইনস্টিটিউটের প্রধান মারিয়া সুলতান। পাকিস্তানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত এক কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানের পরমাণু কর্মসূচি ভারতকেন্দ্রিক। যুদ্ধকে কোনো সমস্যার বিকল্প না ভাবার জন্যই এই কর্মসূচি। আর কৌশলগত পরমাণু অস্ত্র যুদ্ধের সম্ভাবনাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে।’ ‘আমরা কোন ধরনের অস্ত্র তৈরি করবো অথবা ব্যবহার করবো কেউ তার নির্দেশনা দিতে পারে না’, বলেন তিনি।
পাকিস্তান পারমাণবিক ডুবোজাহাজ (সাবমেরিন) তৈরির কাজ করছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। এই ডুবোজাহাজ পরমাণু অস্ত্র বহন করতে ও ছুঁড়তে পারবে। স্থলভিত্তিক পরমাণু অস্ত্র আক্রান্ত হলে সমুদ্রভিত্তিক বিকল্প হামলার সুযোগ হাতে রাখতে এ প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার অযৌক্তিক সীমার মধ্যে নিয়ে আসার দাবি জানাচ্ছে এবং এর বিনিময়ে সামান্য কিছু প্রতিশ্রুতি ছাড়া বেশি কিছু দিতে চাইছে না বলে অভিযোগ পাকিস্তানের।
নওয়াজ শরিফ বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাত্ করেছেন। বৈঠকে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পরমাণু অস্ত্র থেকে বিরত থাকার জন্য কিছু বলেছেন কিনা সেই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কেরি। তিনি এক ব্রিফিংয়ে বলেন, পরমাণু অস্ত্রের নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান এখনো আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে। আমরা মনে করি, পাকিস্তান নিরাপত্তা ইস্যুটিতে গুরুত্ব দেয়। তিনি আরো জানান, উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসার আহবান জানাচ্ছে। এই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক বজায় থাকাটা কেবল দুই দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য প্রয়োজন। তিনি আরো জানান, জন কেরি জঙ্গিদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিতে নওয়াজ শরিফের প্রতি আহবান জানিয়েছেন।

