পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসের মতে দুবাই টেস্ট হতে পারে টেস্ট ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। দুবাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করে ইংল্যান্ডকে ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।
ক্রিকেটের জন্য দুবাই টেস্ট সেরা বিজ্ঞাপন বলে মনে করেন ওয়াকার, দুবাই টেস্টের শেষ দিন ক্রিকেটের জন্য সেরা বিজ্ঞাপন। আমার মনে হয় সোমবার টেস্ট ক্রিকেটেরই জয় হয়েছে। দুবাই টেস্টে ব্যাটে-বলের পারফরমেন্সে ইংল্যান্ডকে টেক্কা দেয় পাকিস্তানের খেলোয়াড়রা। তাতে বড় ব্যবধানেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। অবশ্য দিনের শেষভাগে এই ম্যাচটি ড্র করার দারুণ এক সুযোগ সামনে পেয়েছিলো ইংল্যান্ড। তবে দিনের খেলা শেষ হবার ৩৯ বল আগেই দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান।
আর দুবাই টেস্টের পঞ্চম দিনকে ক্রিকেটের সেরা বিজ্ঞাপন বলছেন পাকিস্তানের কোচ ওয়াকার। তার মতে, দুবাই টেস্টের শেষ দিন ক্রিকেটের জন্য সেরা বিজ্ঞাপন। হয়তো আমাদের জন্য নয়। আমরা যা ভেবেছি, তার চেয়ে অনেক ভিন্ন কিছু হয়েছে সেখানে। আমার মনে হয় সোমবার টেস্ট ক্রিকেটেরই জয় হয়েছে। আমার মনে হয় না টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বিবর্ণ। টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট। সঠিক পথেই টেস্ট ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমার মনে হয়, এজন্য আমাদের উৎসাহ দেয়া উচিত এবং এখানে কোন সমস্যা নেই।
শারজাহ-তে আসন্ন তৃতীয় ও শেষ টেস্টে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান ওয়াকার। এ ব্যাপারে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ভালো পারফরমেন্সই করেছি। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকাটা আমাদের জন্য ভালো দিক। কারণ এতে আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। শারজাহতে ভালো খেলতে এই ফল অনেক বেশি কাজে দিবে। আমাদের লক্ষ্য থাকবে ২-০ ব্যবধানে সিরিজ জয়। তবে সিরিজে ফিরে আসতে সর্বাত্মক চেষ্টা করবে ইংল্যান্ড। দুবাইয়ে ইংল্যান্ডের লড়াই করার মানসিকতা তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। শারজাহ-তে আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

