অ্যান্ড্রয়েড ললিপপ বা অ্যান্ড্রয়েড ৫.০ যাত্রা করার সময়েই আলোচনা ছিল যে এই সংস্করণে অ্যান্ড্রয়েড ডিভাইসে ফুল-ডিস্ক এনক্রিপশন (এফডিই) সুবিধা বাধ্যতামূলক করা হবে ডিভাইস নির্মাতাদের জন্য। তখন এই প্রস্তাবনা বাস্তবায়িত না হলেও গুগলের নিজস্ব নেক্সাস ডিভাইস থেকে শুরু করে অনেক ডিভাইসেই ফিচারটি যুক্ত করা হয়। ফুল-ডিস্ক এনক্রিপশনের ফলে ডিভাইসের পারফর্ম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ার কারণে একে বাধ্যতামূলক না করে পরামর্শকৃত হিসেবে রাখা হয়।
এর মধ্যে অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএসের আগের দুই সংস্করণেই (আাাইওএস ৮ ও আইওএস ৯) ডিভাইসের জন্য এফডিই বাধ্যতামূলক করা হয়েছে। ডিভাইস ও তাতে রক্ষিত তথ্যের নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিবেচনা করে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৬.০ বা অ্যান্ড্রয়েড মার্শম্যালোতে এসে বাধ্যতামূলক করা হচ্ছে এই এফডিই ফিচারটি।
অ্যান্ড্রয়েডের এই নতুন সংস্করণটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ডিভাইসকে যেসব শর্ত পূরণ করতে হবে, তার তালিকায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। মার্শম্যালোর অ্যান্ড্রয়েড কম্প্যাটিবিলিটি ডেফিনেশন ডক্যুমেন্টে (সিডিডি) এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘এই ডিভাইসে যদি সিকিউর লক স্ক্রিন ব্যবহার করা হয়ে থাকে, তাহলে একে অবশ্যই ফুল-ডিস্ক এনক্রিপশন সুবিধা সমর্থিত হতে হবে। অ্যাপ্লিকেশন প্রাইভেট ডাটার (ডাটা পার্টিশন) সাথে সাথে অ্যাপ্লিকেশন শেয়ারড স্টোরেজ পার্টিশনও (এসডি কার্ড পার্টিশন) এনক্রিপশনের আওতায় থাকতে হবে।’
অ্যান্ড্রয়েডের এই ডক্যুমেন্টে বলা হয়েছে, অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড (এইএস) ব্যবহার করে ডিভাইসকে ৫০ মেমিবাইট পার সেকেন্ড বা তার চাইতে বেশি গতিতে এনক্রিপ্ট করতে হবে এবং গ্রাহকের হাতে ডিভাইস পৌঁছানোর পূর্বেই এই প্রক্রিয়া সম্পন্ন হতে হবে। এতে আরও বলা হয়েছে যে ১২৮-বিট বা তার চাইতে বেশি পরিমাণের এনক্রিপশন কি থাকতে হবে।
ফলে পারফর্ম্যান্সের সাথে খানিকটা আপোষ করতে হলেও নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিবেচনা করে শেষ পর্যন্ত গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসের ফুল-ডিস্ক এনক্রিপশনকেই বেছে নিয়েছে। সার্বিকভাবে এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুবিধা বয়ে আনবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

