জঙ্গি সংগঠনগুলো বিএনপি-জামায়াতের বিভিন্ন রূপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যলয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্ব নাই। দেশে জঙ্গি বলতে হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, বাংলা ভাইসহ (জেএমবি) সব জঙ্গি সংগঠন বিএনপি জামায়াতের বিভিন্ন রূপ। পশ্চিমা দেশের কর্তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গি খুঁজতে এলে অন্য কাউকে খোঁজার দরকার নাই, বিএনপি জামায়াতের মধ্যেই তাদের পাবেন।
জেল হত্যা দিবস উপলক্ষে সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ৯২ দিন যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, পবিত্র শবে বরাতের রাতে তখন যারা পেট্রোল বোমা মেরে বাসে ঘুমন্ত মানুষকে হত্যা করেছে, তারাই ধর্মের কথা বলে পবিত্র আশুরায় বোমা মেরে মানুষ হত্যা করেছে। একই সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়া বিদেশে বসে এখন ষড়যন্ত্র করে যাচ্ছেন।
নাশকতা ঠেকাতে দলীয় নেতা-কর্মীদের পাড়া মহল্লায় পাহারা দিয়ে সন্ত্রাস ঠেকানোর আহ্বানও জানান তিনি। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আইএস এর কথা বলে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টা করে কোনো লাভ নেই, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হবেই। অপরাধী যে দলেরই হোক না কেন, ছাড় নেই।

