সেবা ডেস্ক: মিসরের সিনাইয়ের পার্বত্য এলাকায় শনিবার ২২৪ জন আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। লোহিত সাগরীয় রিসোর্ট শারম আল-শেখ থেকে রুশ নগরী সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। আরোহীদের ভাগ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বেশির ভাগ আরোহী রুশ পর্যটক। এয়ারবাস এ-৩২১ বিমানটি পরিচালনা করছিল রুশ এয়ারলাইন কোগালিমাভিয়া। বিমানটিতে আরোহী ছিল ২১৭ জন। এদের মধ্যে শিশু ছিল ১৭ জন। এছাড়া ক্রু ছিল সাতজন।
মিসরীয় প্রধানমন্ত্রী শরিফ ইসমাইল এক বিবৃতিতে বেসামরিক বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা স্বীকার করেছেন।
মিসরের সামরিক বিমান থেকে এই বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
এরপর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স সেখানে ছুটে যায়।
রাডার থেকে বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার সময় সেটি ৩১ হাজার ফুট উঁচুতে ছিল।সম্ভবত কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে পাইলট জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল।
সন্ত্রাসীদের বিমানটি গুলি করে ভূপাতিত করার কোনো দাবি এখনো পাওয়া যায়নি।

