‘‘বিএনপি গণতান্ত্রিক দল। তারা অন্দোলন সংগ্রাম করে যাচ্ছে ব্যর্থ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।’’ শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্মানিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ এ কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার ডাকে বর্তমানে সারা দেশে দল পুনর্গঠনের কাজ চলছে। কিন্ত সরকার বিএপিকে এতটাই ভয় করে যে দেশের অনেক জায়গায় ঘরোয়াভাবে দলের কমিটি গঠনেও পুলিশি বাধার মুখে পড়তে হয়।’ এ সময় জাতীয় সংসদের আগাম নির্বাচনের জন্য বিএনপির দলীয় নেতা-কর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে উপজেলার সাফাইশ্রীস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, হান্নান শাহের ছেলে শাহ্ রিয়াজুল হান্নান, আব্দুল করিম বেপারী, সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

