ক্যালিফোর্নিয়ায় পাবলিক টেক স্কুল খুলতে যাচ্ছে ওরাকল

S M Ashraful Azom
মার্কিন টেক জায়ান্ট ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এমন একটি স্কুল প্রতিষ্ঠা করার যেখানে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল চিন্তা-ভাবনার সর্বোচ্চ বিকাশের সুযোগ পাবে। প্রযুক্তির অগ্রগতির এই যুগে এসে প্রযুক্তি খাতে যাতে তরুণরা নিজেদের এমন সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, সেটা নিশ্চিত করাই হবে এই স্কুলের লক্ষ্য। এতদিন পর্যন্ত ইচ্ছার পর্যায়ে থাকলেও এবারে তা বাস্তবায়িত হতে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে ওরাকলের সদরদপ্তরের পাশেই প্রতিষ্ঠা হতে যাচ্ছে ল্যারি এলিসনের স্বপ্নের এই স্কুল। ওরাকলের এক কাস্টমার কনফারেন্সে এই পরিকল্পনার কথা জানিয়েছেন এলিসন। তিনি জানান, ওরাকলের পক্ষ থেকে এই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এরই মধ্যে কাজ অনেকদূর এগিয়েও গেছে।

আসছে ২০১৭ সালের আগস্ট মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ৬৪ হাজার বর্গফুট জায়গার ওপর স্থাপিত এই স্কুল। ওরাকল এই স্কুল প্রতিষ্ঠা করলেও স্কুলের নামের সাথে থাকছে না ওরাকলের নাম। এই স্কুলের নাম দেওয়া হয়েছে ডিজাইন টেক বা ডি.টেক (d.tech) হাই স্কুল। ক্যালিফোর্নিয়ার অধিবাসী যেকোনো শিক্ষার্থীর জন্যই উন্মুক্ত থাকবে এই স্কুল।

ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্বের নেতৃত্ব এই স্কুল থেকেই গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলিসন। ওরাকলের পূর্ণ অর্থায়নে এই স্কুল পরিচালিত হলেও স্কুলের পাঠ্যক্রম বা শিক্ষা কার্যক্রমে ওরাকল কোনো ভূমিকাই রাখবে না। বরং শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞদের মাধ্যমেই এসব বিষয় নিয়ন্ত্রণ করা হবে। ওরাকলের কো-সিইও সাফরা কাটজ এই স্কুল প্রসঙ্গে বলেন, ‘উদ্ভাবন, সৃজনশীলতা, সমস্যার সমাধান ও ডিজাইন বিষয়ক চিন্তা-ভাবনা প্রভৃতি বিষয় নিয়ে পৃথক একটি স্কুল স্থাপন নিয়ে ল্যারি এলিসনের যে ভিশন ছিল, তা বাস্তবায়ন করতেই এগিয়ে এসেছে ওরাকল।

ল্যারি সাত বছর আগে আমার কাছে এমন একটি স্কুল স্থাপনের বিষয়ে বলেছিল। এর মধ্যে সে এই স্কুল নিয়ে তার চিন্তা-ভাবনাকে আরও গুছিয়ে নিয়ে এসেছে। সেটাই আমরা এখন বাস্তবায়ন করতে যাচ্ছি। এই স্কুল ভবিষ্যতে কী ব্যাপক প্রভাব রাখবে, তা ভেবে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।’ ওরাকল জানিয়েছে, এই স্কুলে ৫৫০ জন শিক্ষার্থীর জন্য নিয়োজিত থাকবেন ৩০ জন অভিজ্ঞ শিক্ষক।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top