ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় গ্রামের তমিজ উদ্দিন ভূঁঞা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৫টি ঘর ছাই হয়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে ওই বাড়ির আবদুর রউপ কানুনগোর রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১২টি বসত ঘর এবং তিনটি রান্না ঘরসহ মোট ১৫টি ঘর ছাই হয়ে যায়। এসব ঘরের সকল মালামাল ও আসবাবপত্র ভস্মীভূত হয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ছাগলনাইয়া ও ফেনীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী রায়, উপজেলা ভাইস-চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা ও ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

