‘সমতা-ভিত্তিক সমাজের স্বপ্নদ্রষ্টা ছিলেন শামসুর রাহমান’

S M Ashraful Azom
কবি শামসুর রাহমান
মানবিক মমত্ববোধ আর সমতা-ভিত্তিক সমাজের স্বপ্নদ্রষ্টা ছিলেন কবি শামসুর রাহমান। সে কারণেই সাম্প্র্রদায়িকতা  কবলিত, শোষণ-বঞ্চনাপীড়িত সমাজের অচলায়তন ভাঙতে লিখেছেন বহু কবিতা, যা আজো সমকালীন।
 
এ সব জাতির ক্লান্তিলগ্নে উচ্চারিত হয়—মুক্তিযুদ্ধ আর মুক্তচিন্তার উচ্চকণ্ঠ কবি শামসুর রাহমানের ৮৭তম জন্মদিনের অনুষ্ঠানে এ সব কথা বলেন বক্তারা।
 
শুক্রবার এ উপলক্ষে বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ ।
 
অনুষ্ঠানে বক্তারা কবি শামসুর রাহমানের সাহিত্যকর্ম ও বর্ণাঢ্য জীবনকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি সৈয়দ শামসুল হক, রাষ্ট্রবিজ্ঞানী বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
 
এর আগে স্বাগত বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। আলোচনা সভা সঞ্চালনা করেন কবি তারিক সুজাত।
 
প্রফেসর আনিসুজ্জামান বলেন, ‘জীবদ্দশায় শামসুর রাহমান শুধু একজন কবি হিসেবে পরিচিত ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একটি প্রতিষ্ঠান। শামসুর রহমান কবিতা লেখার শুরুর ১০ বছর পর প্রথম কাব্যগ্রন্থ বের করেছিলেন। তার এই সংযম আমাদের বিমোহিত করেছে। সামান্যতম দুর্বল রয়েছে—এমন কোনো কবিতা তিনি কাব্যগ্রন্থে সংকলিত করতে চাননি।’
 
তিনি আরো বলেন, ‘শামসুর রাহমানের কবিতায় বিশেষ ভাবে পুরাণের কথা প্রবলভাবে পরিলক্ষিত হয়। তিনি পুরাণের ঘটনাবলি সমকালীন প্রবাহকে সুন্দরভাবে তুলে ধরতেন।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শামসুর রাহমানের কবিতা থেকে আবৃত্তি, কবিকণ্ঠে নিবেদিত কবিতা, নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। এ পর্বের শুরুতেই কবি সৈয়দ শামসুল হক আবৃত্তি করেন শামসুর রাহমানের কবিতা ‘দেবতারা’।
 
কবিকণ্ঠে নিবেদিত কবিতা পাঠ করেন রবিউল হুসাইন, হাবীবুল্লাহ সিরাজী, রুবী রহমান, মুহম্মদ নূরুল হুদা, নূহ-উল-আলম লেনিন, কাজী রোজী, শিহাব সরকার, কাজল বন্দোপাধ্যায়, রবীন্দ্র গোপ, কামাল চৌধুরী, আসাদ মান্নান, মুনীর সিরাজ, হালিম আজাদ, শাহজাদী আঞ্জুমান আরা, আমীরুল ইসলাম, তারিক সুজাত, অঞ্জনা সাহা,  মৃত্তিকা গুণ, দীপিতা রাহমান প্রমুখ।
 
শামসুর রাহমানের কবিতা থেকে আবৃত্তি করেন লায়লা আফরোজ, রফিকুল ইসলাম, আহ্কাম উল্লাহ ও নায়লা তারান্নুম কাকলি।
 
সঙ্গীত পরিবেশন করেন রফিকুল আলম, মহীউজ্জামান চৌধুরী ময়না, বুলবুল মহলানবীশ, মাহজাবিন রহমান শাওলী, উত্তম ঘোষ প্রমুখ।
 
অনুষ্ঠান শেষ হয় এম আর ওয়াসেকের পরিচালনায় নন্দন কলা কেন্দে র শিল্পীদের সমবেত নৃত্যের মধ্য দিয়ে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top