মাঠের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে বিতর্কে মনোজ তিওয়ারি ও গৌতম গম্ভীর। ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।
মনোজ, উল্টো দিকে থাকা বোলার মননকে একটু দাঁড়াতে বলে ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন তাঁকে হেলমেট দেওয়ার জন্য। মনন সেই সময় মনোজের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ করেন। হঠাৎই সেই সময় স্লিপ থেকে ছুটে এসে মনোজকে মারার হুমকি দেন গৌতম গম্ভীর। মনোজ পাল্টা জবাব দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আম্পায়ারকে ধাক্কা দিয়ে গম্ভীর মনোজকে মারতে উদ্যত হন। শেষ পর্যন্ত অবশ্য আম্পায়ারদের হস্তক্ষেপেই পরিস্থিতি আয়ত্তে আসে। ঘটনার জেরে শাস্তির মুখে পড়তে পারেন মনোজ ও গম্ভীর।

