দক্ষ জনশক্তি তৈরিতে যৌথভাবে কাজ করবে বেসিস ও পিকেএসএফ

S M Ashraful Azom
তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি ও তাদের কর্মসংস্থান তৈরি করতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে সম্মতির কথা জানানো হয়।

বেসিস সভাপতি শামীম আহসান বেসিস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। উপস্থিত ছিলেন বেসিসের পরিচালক সানি মো. আশরাফ খান, নির্বাহী পরিচালক সামি আহমেদ, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, গোলাম তৌহিদ, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড প্রাপ্ত নাজমুল হোসেন প্রমুখ।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম বলেন, পিকেএসএফ এসইআইপি প্রকল্পের মাধ্যমে ১০ হাজার জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ দিচ্ছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তিতে ১ হাজার জনশক্তি তৈরি করা হবে। অপরদিকে বেসিস দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং দক্ষ-জনশক্তি তৈরিতে কাজ করছে। তাই উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করলে আরও বেশি উন্নত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

বেসিস সভাপতি শামীম আহসান বলেন, বেসিসের প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিআইটিএম বিভাগীয় শহরগুলোতেও সম্প্রসারণ হচ্ছে। এক্ষেত্রে পিকেএসএসের সঙ্গে যৌথ উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলেও তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল তৈরিতে সহায়ক হবে। ফলে ২০১৮ সাল নাগাদ আমাদের তথ্যপ্রযুক্তিতে ১০ লাখ নতুন দক্ষ জনবল তৈরির মাইলফলক অর্জিত হবে।

অনুষ্ঠানে আউটসোর্সিং ও বাংলাদেশ পেক্ষাপট নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন বেসিসের পরিচালক আশরাফ আবির। বৈঠকে যৌথভাবে দক্ষ জনবল তৈরিতে শিগগিরই বেসিসের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগ্রহের কথা জানান পিকেএসএফ প্রতিনিধিরা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top