পাকিস্তানে থাকার সময়েই ভারতে ফিরে সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন গীতা। এবার পূরণ হতে চলেছে তাঁর স্বপ্ন। ‘বজরঙ্গী ভাইজান’-এর পরিচালক কবীর খান জানিয়েছেন, গীতা নিজের বাড়িতে ফিরে গেলেই তাঁর ইচ্ছে পূরণের ব্যবস্থা করবেন তাঁরা।
মূক ও বধির গীতার জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে সালমানের সাম্প্রতিক সময়ে রেকর্ড আয় করা বজরঙ্গী ভাইজান ছবির চিত্রনাট্য। গল্পের মুন্নির সঙ্গে বাস্তবের গীতার জীবন কাহিনীর মিল দেখে মূক বধির ভারতীয় মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে আসেন কবীর ও তাঁর সঙ্গীরা। ১৩ বছর আগে নিজের অজান্তেই ভুলবশত ভারত-পাক সীমানা অতিক্রম করে পাকিস্তানে চলে গিয়েছিলেন তিনি। পাক সেনাবাহিনীর সহায়তায় এক হোমে আশ্রয় পান গীতা। এত বছর পরে দু’দেশের উদ্যোগে তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তাঁর বাবা মা, পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত, ছবি দেখে পরিবারের কাউকে চিনতে পারেননি গীতা। কবীর খান বলেছেন, গীতা পরিবারের কাছে ফিরে গেলেই তিনি সালমানের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেবেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

