দেশের আরো ৩০ হাজার বেকারকে ভাতাসহ প্রশিক্ষণ শেষে অস্থায়ী চাকরির সুযোগ দিতে চলমান একটি কর্মসূচি সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, এই কর্মসূচির আওতা বাড়লে দরিদ্রতম আরো ২০টি উপজেলার প্রতিটিতে ১ হাজার ৫০০ জন করে মোট ৩০ হাজার মানুষের অস্থায়ী কর্মসংস্থান হবে। এসব উপজেলার ১৮ থেকে ৩৫ বয়স বয়সী বেকার নারী ও পুরুষ প্রতিদিন ১০০ টাকা ভাতাসহ তিন মাসের প্রশিক্ষণ পাবেন।
প্রশিক্ষণ শেষে প্রতিদিন ২০০ টাকা ভাতাসহ বিভিন্ন সরকারি দপ্তরের দুই বছরের জন্য অস্থায়ী নিয়োগ পাবেন। এরপর তারা দক্ষতা অর্জন করে পরবর্তী পর্যায়ে কাজে লাগতে পারবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘পোভার্টি ম্যাপ’ অনুসরণ এই কর্মসূচির আওতার বাইরে থাকা দরিদ্রতম আরো ২০ উপজেলাকে অন্তর্ভুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রস্তাবটি দিয়েছে।’

