বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যায় বিএনপির নেতাদের জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কাল্পনিক ও অসত্য। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সত্যের লেশ মাত্র নেই। এ হত্যার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্ঠতা নেই।’
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিপন অভিযোগ করেন, ‘বিরোধীদলকে রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার এ হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের নাম জড়িয়ে ব্লেম গেইম খেলছে।’
চোরাগলি, ষড়যন্ত্রের পথ বেয়ে বিএনপি ক্ষমতায় আসার নীতিকে ঘৃনা করে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি তার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করে আসছে। অথচ শাসকদল তার রাজনৈতিক প্রতিপক্ষকে দেশে-বিদেশে ভিন্নভাবে বিকৃত করার অপপ্রয়াস নিয়েছে। বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার একটি অপচেষ্টা শাসকদলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।’
তিনি বলেন, দেশে দু’জন বিদেশির খুনের ঘটনার শুরু থেকেই সরকারের তরফ থেকে তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত দেয়া হচ্ছিল। সে প্রেক্ষাপটে বিএনপির ঢাকা মহানগর নেতা আব্দুল কাইউম ও হাবিব উন নবী খান সোহেলকে জড়িয়ে যে প্রোপাগান্ডা করা হচ্ছে-তাতে প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এবং হত্যাকাণ্ডের মোটিভ ও খুনিদের বিচার করাও সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম ও মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

