হয়তো এখনই আপনার একটি জরুরি ইমেইল চেক করতে হবে। কম্পিউটার চালু করে ব্রাউজারে গিয়ে ইমেইল ঠিকানা অ্যাড্রেস বারে লিখে ঢুকতে গেলেই লেখা আসলো ‘HTTPS error’ এবং তার সাথে আরও কিছু কথা। কিছুতেই এখন আর ইমেইলে ঢুকতে পারছেন না। কেবল ইমেইল নয়, অনেক ওয়েবসাইটের সাথেই হয়তো এমন ঘটতে পারে। এমনও হতে পারে যে ওইসময়ে আপনি কোনো ওয়েব ব্রাউজার থেকেই কোনো ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। তাহলে করণীয় কী? জানাচ্ছেন মোজাহেদুল ইসলাম
অনলাইনের ভার্চুয়াল দুনিয়ায় সুরক্ষার বিষয়টিই এখন গুরুত্বপূর্ণ। এই সুরক্ষা নিশ্চিত করার জন্য এখন বেশিরভাগ ওয়েবসাইটেই এইচটিটিপিএস (হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড) ব্যবহার করা হয়ে থাকে। ওয়েব সার্ভার এবং ওয়েব ব্রাউজারের মধ্যেকার যোগাযোগ যাতে গোপন থাকে, সে কারণেই এই সিকিউরড প্রোটোকল ব্যবহার করা হয়ে থাকে। আগের এইচটিটিপির সাথে এর মূল পার্থক্য হলো এতে সিকিউর সকেট লেয়ার বা সংক্ষেপে এসএসএল নামের আলাদা একটি স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রযুক্তি যুক্ত থাকে। এসএসএল সার্টিফিকেটযুক্ত সব ওয়েবসাইটে ওয়েব ব্রাউজারের সাথে ওয়েব সার্ভারের যোগাযোগ গোপন থাকে বলেই মনে করা হয়। এসএসএল সার্টিফিকেটজনিত কোনো ঝামেলা হলে তখন আর ওই ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। তখনই ‘HTTPS error’ নোটিফিকেশন দেখা যায়। এমন নোটিফিকেশন দেখা গেলে করণীয় কিছু ধাপ তুলে ধরা হলো এখানে।
সিস্টেম টাইম চেক করুন
কম্পিউটারে সেট করা সময়ের সাথে এসএসএল সার্টিফিকেটে সার্ভারে থাকা সময়ের পার্থক্য থাকলে অনেক সময় এই সমস্যা দেখা দিতে পারে। তাই এই সমস্যা দেখা দিলে পিসির তারিখ ও সময় চেক করে নিন। প্রকৃত সময়ের সাথে সেই সময় না মিললে তা মিলিয়ে নিন। উইন্ডোজে টাস্কবারে যেখানে সময় দেখায়, সেখানে ক্লিক করলেই সময় ও তারিখ পরিবর্তনের অপশন থাকে। সেখান থেকেই বদলে নিতে পারবেন সময়।
প্রাইভেট বা ইনকগনিটো মোড
অনেক সময় ব্রাউজারে ইনস্টল করা বিভিন্ন অ্যাড-অনস, প্লাগ-ইনস বা এক্সটেনশনের ঝামেলার কারণে এইচটিটিপিএস এরর দেখা দিতে পারে। সেক্ষেত্রে প্রথমেই ব্রাউজারটিকে প্রাইভেট বা ইনকগনিটো মোডে চালু করে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করুন। এই মোডে ওয়েবসাইটে ঢুকতে পারলে বুঝতে আপনার ব্রাউজারের কোনো অ্যাড-অনস, প্লাগ-ইনস বা এক্সটেনশনের কারণেই এরর দেখা গিয়েছে। তখন প্রতিটি অ্যাড-অনস, প্লাগ-ইনস বা এক্সটেনশন নিষ্ক্রিয় করে চেক করুন। ক্রোম, ফায়ারফক্স থেকে শুরু করে সব ব্রাউজারেই এমন প্রাইভেট বা ইনকগনিটো মোড রয়েছে।
অ্যান্টিভাইরাস স্ক্যান
কোনোভাবে আপনার কম্পিউটার ভাইরাস, ম্যালওয়্যার বা স্পাইওয়্যারে আক্রান্ত হলে তাদের মাধ্যমেও এইচটিটিপিএস এরর দেখা দিতে পারে। তাই আপনার পিসিতে এমন কোনো ধরনের উপকরণ রয়েছে কি না, তা চেক করুন। এর জন্য সবচেয়ে ভালো হলো আপডেট কোনো অ্যান্টিভাইরাসের মাধ্যমে পিসি ফুল স্ক্যান করানো। পিসিতে অ্যান্টিভাইরাস থাকলেও তা আপডেট রয়েছে কি না, তা চেক করুন। আর অ্যান্টিভাইরাস না থাকলে দ্রুতই একটি আপডেট অ্যান্টিভাইরাস ইনস্টল করে নিন।
রিস্টার্ট
কম্পিউটারের অনেক সমস্যারই একটি সাধারণ সমাধান হলো রিস্টার্ট। আসলে কম্পিউটারের ক্ষেত্রে এমন অনেক সমস্যাই দেখা যায় যেগুলোর সরাসরি কোনো কারণ খালিচোখে খুঁজে বের করা মুশকিল। অনেক সমস্যাই আবার পিসি রিস্টার্ট হলে আপনাআপনিই ঠিক হয়ে যায়। এইচটিটিপিএস এরর দেখালেও এই কাজটি তাই করে দেখতে পারেন। বেশিরভাগ সময়েই পিসি রিস্টার্ট দিলে এই সমস্যাও দূর হয়ে যায়।
ডিএনএস সেটিংস চেক করুন
এর বাইরেও আপনার ইন্টারনেট সংযোগের ডিএনএস সেটিংস কোনো কারণে বদলে গেলে এইচটিটিপিএস এরর দেখা দিতে পারে। তাই এই সমস্যায় ডিএনএস সেটিংসও চেক করে নিন। ডিএনএস সেটিংস সম্পর্কে জানা না থাকলে যোগাযোগ করুন আইএসপির সাথে।

