রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ট্রেড ইউনিয়ন করার বিষয়টি আইনে কেন নেই তা জানতে চেয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
বাংলাদেশ সফর করা সংস্থাটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আইএলও’র পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ইপিজেডের বাইরের কারখানায় ট্রেড ইউনিয়নের বিষয়টি শ্রম আইনে থাকলেও ইপিজেডে এর ব্যতিক্রম কেন। বেঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিজিএমইএর পক্ষ থেকে প্রতিনিধি দলকে জানানো হয়েছে, ইপিজেড এলাকায় ট্রেড ইউনিয়ন থাকলে মালিকপক্ষের কোনো সমস্যা নেই। কিন্তু তা দেশের আইনে নেই। এই আইনের উপর ভিত্তি করেই বিদেশি অনেক বড় প্রতিষ্ঠান ইপিজেড এলাকায় বিনিয়োগ করেছে। এখন ওই শর্ত না মেনে সেখানে ট্রেড ইউনিয়ন গঠন করা হলে সেখানে বড় আকারের বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হতে পারে। তবে ইপিজেড এলাকায় ট্রেড ইউনিয়নের ন্যায় মালিক-শ্রমিকের সমন্বয়ে অংশীদারিত্ব (পার্টিসিপেটরি) কমিটি রয়েছে। অবশ্য এমন বক্তব্যের জবাবে আইএলও’র পক্ষ থেকে কোন মন্তব্য করা হয় নি বলে সূত্র জানিয়েছে।

