'বড় ভাইয়ের বড় ভাইদেরকে ধরতে হবে'

S M Ashraful Azom
বিদেশি হত্যার কিলিং মিশনের নির্দেশ দাতা বড় ভাইয়েরও বড়ভাই আছে, যারা আড়াল থেকে এই হত্যাকাণ্ডের নীল নকশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, 'বিদেশি হত্যাকাণ্ড দেশ ও সরকার বিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ। তাই এই ধরনের গুপ্তহত্যা বন্ধ করতে হলে বড়ভাইয়ের বড় ভাইদেরকে ধরতে হবে।'
 
বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু  সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
 
হাছান মাহমুদ বলেন, 'আমরা আগেই বলেছিলাম বিদেশি হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। বিদেশের কাছে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, রফতানি বাণিজ্য বন্ধ করে দেশে অর্থনৈতিক ধস নামানোর উদ্দেশ্যে এই ষড়যন্ত্র হচ্ছে।হত্যাকারীরা ধরা পরার পরে তাদের বক্তব্যেই এখন তা স্পষ্ট হয়েছে।'
 
বিএনপি নেতৃবৃন্দের সমালোচনা করে তাদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, 'আপনারা যেসব মৌলবাদীদের নিয়ে জোট গঠন করেছেন তাদের অনেকের রাজনৈতিক দর্শন হচ্ছে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করা। আপনারা যখন সেসব জঙ্গি ও মৌলবাদীদের পাশে বসিয়ে সংবাদ সম্মেলনে অস্বীকার করে বলেন আপনারা (বিএনপি) মৌলবাদের পৃষ্ঠপোষক নন তখন তা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।
 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এ মন্ত্রী আরও বলেন, 'বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সাংস্কৃতিক আন্দোলন যত বেশি জোরালো হবে মৌলাবাদ ও সাম্প্রদায়িক শক্তি ততবেশি অবদমিত থাকবে।'
 
সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top