'বিদেশে বসে ষড়যন্ত্রের জাল বুনছে খালেদা জিয়া'

S M Ashraful Azom
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশে বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। সেখানে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কর্মসূচি ঘোষণা না করে দেশে আসুন। দেশে এসে আপনার হতাশার সাগরে নিমজ্জিত নেতাকর্মীদের উত্তরণ ঘটানোর চেষ্টা করুন।
 
বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যগাঁথা সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
 
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতাদের বক্তব্যই প্রমাণ করছে, বেগম জিয়া সহসাই দেশে ফিরে নাও আসতে পারেন। আমরা শক্তিশালী দল চাই। রাজপথেও শক্তিশালী দল চাই। আমরা সংবাদ সম্মেলন নির্ভর বিএনপি চাই না। সন্ত্রাস নির্ভর বিএনপিও চাই না। আমরা জনগণ নির্ভর বিএনপি চাই।
 
তিনি বলেন, ষড়যন্ত্র থেমে নেই। জানতে পারলাম, খালেদা জিয়া লন্ডনের হাইড পার্কে আগামী ২৭ তারিখে নাকি একটি জনসভা করবেন? বিএনপির কেউ কেউ এবং সাংবাদিক বন্ধুরা এমন কথা বলছেন। সেখানে নাকি বেগম জিয়া কর্মসূচি ঘোষণা করবেন? কারণ তিনি বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করতে পারেন না। এর আগে বাংলাদেশে মানুষ মারার কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচিও ব্যর্থ হয়েছে। ব্যর্থ কর্মসূচি নিয়ে শূন্য হাতে ঘরে ফিরে নিজেকে বন্দী করে রেখেছিলেন।
 
আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে। তখন বিদেশি হত্যার এ ষড়যন্ত্রেরই অংশ। আজকে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ বিদেশি হত্যার পর যে পদক্ষেপ গ্রহণ করেছে তার জন্য সরকারের প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেছে।
 
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top