নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে একটি মসজিদে শুক্রবার চালানো জোড়া বোমা হামলায় ২৮ জন নিহত হয়েছে। বোকো হারামের বিরুদ্ধে সামরিক বাহিনীকে সহায়তাকারী একটি বেসামরিক স্বেচ্ছাসেবী শান্তিরক্ষা বাহিনীর একজন সদস্য ও একজন স্থানীয় বাসিন্দা একথা জানান।
স্থানীয় একজন মুখপাত্র বলেন, মাইদুগুরি শহরের জিদারি পোলোর একটি মসজিদে আজ ভোর পাঁচটার দিকে জোড়া বোমা হামলা চালানো হয়। এই মসজিদটি স্থানীয় হাইকোর্ট কমপ্লেক্সের কাছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধার অভিযানে সহায়তাকারী মিলিশিয়া সদস্য উমর সানি এএফপিকে বলেন, আমরা ২৮টি লাশ গুনেছি। স্থানীয় বাসিন্দা মুসা শরিফও উদ্ধার তৎপরতায় সহায়তা করেন। তিনি উমর সানির বর্ণনা সমর্থন করেন।

