বিয়ে না করে সন্তান জন্ম দেয়ায় পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে নিম্ন আদালতের একটি রায় বাতিল করে দিয়েছে মালদ্বীপের সর্বোচ্চ আদালত। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
বিয়ে না করেই সন্তান জন্মদানকারী এক নারীর বিরুদ্ধে রবিবার দেশটির ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দিয়েছিল। একই দিনে দেশটির সুপ্রিম কোর্ট যথাযথ আইনগত প্রক্রিয়া না মানার কথা বলে এই রায় বাতিল করে দেয়।
দেশটিতে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই অপরাধে এর আগে সেখানে বেত্রাঘাতের রায় দেয়া হয়েছিল। রবিবার নিম্ন আদালতে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেয়া হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
মানবাধিকার সংগঠনগুলো এমন রায়ের বিরোধিতায় সরব হয়। মালদ্বীপে এর আগে কখনো পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড দেয়া হয়নি।

