রোবটের প্রচলন দিন দিন বেড়েই চলছে। শপিং মল থেকে শুরু করে বিভিন্ন কারখানায় রোবটকে ব্যবহার করা হচ্ছে। চাহিদা কমছে মানুষের। আর এবার জানা গেল খনির কাজেও ব্যবহার করা হচ্ছে রোবট। অস্ট্রেলিয়ায় একটি খনি কোম্পানি এ কাজ করছে।
বিশ্বে খনির কাজে খ্যাতিসম্পন্ন রিও টিন্টো চালকহীন একটি ট্রাক রাস্তায় নামিয়েছে যেটি লোহা বহন করে নিয়ে যাচ্ছে। এই গাড়িটির নিয়ন্ত্রণ কেন্দ্র ১২০০ কিলোমিটার দূরে। ধারণা করা হয়, রোবটের মাধ্যমে এই প্রথম এত বড় ঝুঁকিপূর্ণ কাজ করা হচ্ছে। রিও টিন্টোর অপারেশন ম্যানেজার জোশ বেনেট জানান, তারা এরকম ৬৯টি ট্রাক চালু করেছেন। ২৪ ঘণ্টাই সেগুলো কাজ করছে। এজন্য প্রতি ট্রাকে বছরে ৫০০ ঘণ্টা কাজ বেশি করা হচ্ছে। আর এতে মূলধনও সঞ্চয় হচ্ছে। কর্মক্ষেত্রে মানুষ কম প্রয়োজন হওয়ায় আর্থিক খরচটাও কমে গেছে। কেবল গাড়ি নিয়ন্ত্রণ করতে যা খরচ হচ্ছে। আগামী বছর খনির খনন কাজেও রোবট ব্যবহারের পরিকল্পনা তাদের আছে বলে তিনি জানান।

