
খুলনা জেলা কারাগারের ক্যান্টিনে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এতে কারা ক্যান্টিনের পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল ছাই হয়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ফায়ার বিগ্রেড ও সিভিল সার্ভিসের বয়রা সদর দপ্তর থেকে তিনটি এবং টুটপাড়া ফায়ার স্টেশন থেকে দুটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় রাতে কারাগারের জেলারকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।
খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের পরিদর্শক মো. জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
