গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে পূজা মণ্ডপে এক নারীকে ‘শ্লীলতাহানি’ করার অভিযোগ উঠেছে। থানায় এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন ৩৪ বছরের এক নারী।
গত কিছুদিন থেকে বিতর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে রয়েছেন অভিজিৎ। সালমান খানের গাড়ি চাপায় মৃত্যুর ঘটনায় ফুটপাথবাসীদের দায়ী করায় তার বিরুদ্ধে সমালোচনার ঝড় শুরু হয়। শুধু তাই নয় মুম্বাইয়ে পাকিস্তানি গায়ক গুলাম আলির অনুষ্ঠান বাতিল করা নিয়ে শিব সেনাকে সমর্থন করেছিলেন তিনি। এর পর শ্লীলতাহানির অভিযোগ উঠল তার বিরুদ্ধে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানানো হয়েছে, মুম্বাইয়ের লোখান্ডওয়ালার মণ্ডপে ওই শ্লীলতাহানির ঘটনা ঘটে। দুর্গা পূজার আয়োজকদের মধ্যে অভিজিৎও ছিলেন। সেখানে কৈলাশ খেরের গান শুনতে গিয়েছিলেন অভিযোগকারী নারী। প্রথমে তিনি একটি আসনে বসলেও ভিড়ের কারণে ঠিক মতো অনুষ্ঠান দেখতে পাচ্ছিলেন না। তাই পাশেই একটি যায়গায় গিয়ে দাঁড়ান তিনি। ওই নারীর অভিযোগ সেখানে পেছন থেকে তার গায়ে হাত দেন অভিজিৎ। এ ব্যাপারে তাকে সতর্ক করলে উল্টা হুমকি দিয়ে বসেন অভিজিৎ।
সেখান থেকে অনুষ্ঠানস্থলের নারী কর্মীদের দিয়ে মণ্ডপের অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে হুমকি দিয়ে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে ধাক্কা মেরে বাইরে বের করে অভিজিৎ। এর পরই ওই নারী মুম্বাইয়ের ওশিয়ারা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৬ ও ৩৪ ধারা অনুযায়ী শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে অভিজিতের বিরুদ্ধে।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ। ফোনে সাড়া না দিয়ে এসএমএস এর মাধ্যমে তিনি সাংবাদিকদের বলেন, 'পুরো বিষয়টি ভিড় সামলানোর সাথে যুক্ত। আর পুলিশ ও নিরাপত্তারক্ষীরা তাদের কাজ করেছেন। আমরা দুর্গা পূজায় হিন্দুবিরোধীদের বিষয়ে সতর্ক রয়েছি। তারাই এই ঘটনা ঘটিয়েছে।'

