জাতীয় সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশকে (টিআইবি) ক্ষমা চাইতে বলেছে আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দল। জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তা না হলে টিআইবির বিরুদ্ধে জনমত গড়ে তোলা ও যেভাবে আইনগত ব্যবস্থা নেয়া যায় সেভাবে ব্যবস্থা নেয়া হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এক বৈঠক শেষে জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
নাসিম বলেন, ‘টিআইবি সংসদের প্রতিটি সদস্যকে অপমান করেছে। সংসদ নিয়ে তাঁরা অমার্জনীয়, গর্হিত ভাষা উচ্চারণ করেছে। এটা কোনো রাজনৈতিক দলের পক্ষেও বলা সম্ভব না। তারা বিএনপি-জামায়াতের চেয়েও জঘন্য।’
টিআইবির প্রতিবেদনে নতুন নির্বাচন প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘টিআইবি নতুন নির্বাচন চেয়েছে। কে তাদের এ অধিকার দিয়েছে?’

