সম্প্রতি দেশে দুই জন বিদেশি নাগরিক নিহত হওয়ার পর কয়েকটি দেশ তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করার দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রেড এলার্ট ঘোষণা ছিল কয়েকটি দেশের রাজনীতির অংশ। তিনি দেশগুলোর সমালোচনা করে বলেন, এ বছরের শুরুতে দেশে যখন পেট্রোল বোমা হামলা চালানো হচ্ছিল, তখন তারা এ কাজ করেনি।
রাজধানীতে ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত ‘শিশু সংক্রান্ত সংবাদের নীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দু’জন বিদেশি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এগুলো ছিল বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনার পর তারা কেন রেড এলার্ট জারি করেছিল? গণমাধ্যম যেভাবে এসব খবর ছেপেছিল, তা পক্ষপাতদুষ্ট ছিল। এটি ন্যায়সঙ্গত নয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করাকে কয়েকটি গণমাধ্যমে 'রেড এলার্ট' হিসেবে উল্লেখ করারও সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্রের ভিত্তি হচ্ছে জবাবদিহিতা এবং সংবাদপত্র তার বাইরে নয়। সমাজের বৃহত্তর কল্যাণের জন্য সকল স্বাধীনতা আইনের দ্বারা সীমিত। জাতি ও সমাজ ধ্বংস করে কেউ তার অধিকারের চর্চা করতে পারে না। এসময় তিনি সাংবাদিকদের প্রতি নারী ও শিশুদের সংবাদ সম্পর্কে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, এডিটর্স কাউন্সিলের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম, টাইমস ম্যাগাজিনের সম্পাদক ফরিদ হোসেন, এবং এমআরডিআই প্রতিনিধি হাবিবুর রহমান আলোচনায় অংশ নেন।

