বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ না করলে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’
স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, ‘এই সরকারের ক্ষমতার উত্স হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর চার লাখ সদস্য।’
প্রবাসে সরকারবিরোধী জনমত গড়ে তুলতে এবং চার ভাগে বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপিকে ঐক্যবদ্ধ করতেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে অনুষ্ঠিত হলেও এই সাংবাদিক সম্মেলনের মূল আয়োজক ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তার আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির প্রায় সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বর্তমানে বাংলাদেশের ৮০ ভাগ মানুষ বিএনপির পক্ষে। ইচ্ছা করলে সরকার জরিপ চালাতে পারে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ও গণতান্ত্রিক দল।’
ব্যারিস্টার খোকন বলেন, দেশে এখন চরম সংকট চলছে। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই সংকটে প্রয়োজন জাতীয় ঐক্য। তিনি দৃঢ়তার সাথে বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধ যে সব মিথ্যা মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে। তিনি বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মামলা সম্পর্কে বলেন, তার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা ক্রুটিপূর্ণ। কারণ তার মামলায় মিথ্যা সব তথ্য উপস্থাপন করা হয়েছে।

