কলা থেকে একটি আশ্চর্য ওষুধ তৈরির দাবি করেছেন গবেষকেরা। যা হেপাটাইটিস সি, ইনফ্লুয়েঞ্জা ও এইচআইভি ভাইরাসের মতো বিভিন্ন ভাইরাস প্রতিরোধে কাজ করবে।
কলা থেকে ব্যানলেক নামে বিশেষ প্রোটিনটি আলাদা করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। প্রায় পাঁচ বছর আগে এটি এইডসের চিকিত্সায় সম্ভাবনাময় ওষুধ হিসেবে আবিষ্কৃত হয়। গবেষকদের দাবি, তাঁরা ব্যানলেক প্রোটিনটির নতুন একটি সংস্করণ তৈরি করেছেন। এটি ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পাননি।
গবেষকরা এই এইচ৮৪টি নামের ব্যানলেকটির নতুন সংস্করণটি পরীক্ষাগারে এইডস, হেপাটাইটিস সি, ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে টিস্যু ও রক্তের নমুনার ওপর প্রয়োগ করে দেখেছেন। গবেষকেরা বলছেন, তাঁদের তৈরি এ ওষুধ ইবোলার ওপরেও কাজ করবে। কারণ ভাইরাসের ওপরে থাকা চিনির অনুগুলোকে আটকে রাখবে।
গবেষকেরা অবশ্য বলছেন, নিয়মিত কলা খেলে এ ধরনের কেনো সুফল পাওয়া যাবে না। কারণ ওষুধ তৈরিতে কলা থেকে বিশেষ প্রক্রিয়ায় রাসায়নিক সংগ্রহ করা হয় এবং তা প্রক্রিয়াজাত করা হয়।
তথ্যসূত্র: মিশিগান ইউনিভার্সিটি।

