আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, টিআইবি নির্বাচনের নতুন ফর্মুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। টিআইবি সংসদের কার্যকারিতা মানতে নারাজ। আসলে তথাকথিত আইএস ও টিআইবি একই সূত্রে গাঁথা।
সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালনের প্রস্তুতি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘রবিবার টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে আমরা অবাক হলাম। তারা বলছে, সংসদ নাকি কার্যকর নয়। আমি তাদেরকে বলতে চাই, বর্তমান বিরোধী দল সংসদে যথাযথ ভূমিকা পালন করে চলেছে। তারা সরকারে বিভিন্ন বিষয়ে কঠোর বিরোধীতা করে যাচ্ছে। কিন্তু বিএনপি যখন বিরোধী দলে ছিল, তখন তারা সংসদে অশালীন ও অশ্লীল বাক্য ব্যবহার করতো।’
বিদেশি নাগরিকদের হত্যাসহ কয়েকটি ঘটনা প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিদেশি নাগরিকদের হত্যা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। সরকারকে বিপদে ফেলা ও ভাবমূর্তি বিনষ্ট করতেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে। টিআইবিও একইভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
দেশে জামায়াত-বিএনপি বাইরে আর কোনো জঙ্গি সংগঠন নেই উল্লেখ করে হানিফ বলেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই, জঙ্গি বলতে যা বুঝায় তা হলো জামায়াত-বিএনপির কর্মকাণ্ড।’

