সেবা ডেস্ক: দুর্বৃত্তদের হামলায় আহত কবি ও ব্লগার তারেক রহিমের বাম হাতের অবস্থা ভাল নয়। তার ওই হাতটি কেটে ফেলে দিতে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তবে আহত শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল ও লেখক রণদীপমের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল জানান মিজানুর রহমান। তিনি বলেন, ‘তারেকের অবস্থা আশঙ্কাজনক। বাম হাতের অবস্থা আরও খারাপ। তার ওই হাতটি রাখা যাবে কি-না, সে ব্যাপারে শঙ্কা রয়েছে।’ শনিবার রাতে তার বাম হাতে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানান মিজানুর রহমান। বর্তমানে তারেককে পোস্ট অপরাটিভে রাখা হয়েছে। টুটুল আর রণদীপকে ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানান ঢামেক পরিচালক। শনিবার রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে ওই তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
