তিন মাসে কৃষিঋণ বিতরণ বেড়েছে সাড়ে ১৬ শতাংশ

S M Ashraful Azom
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষিখাতে ঋণ বিতরণ করেছে তিন হাজার ২০৪ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে ১৬ শতাংশ বেশি।
 
আমন মৌসুমে কৃষক থেকে ঋণের চাহিদা বেশি হওয়ায় সার্বিক কৃষিখাতে ঋণ বিতরণ বেড়েছে। সামনে বোরো মৌসুমকে সামনে রেখে কৃষিঋণ বিতরণ আরো বাড়বে বলে আশা প্রকাশ করছেন বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা।
 
চলতি ২০১৫-১৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৪০০ কোটি টাকা। যা আগের অর্থবছরের চেয়ে সাড়ে ৫ শতাংশ বা ৮৫০ কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে ব্যাংকগুলো মোট কৃষিঋণ বিতরণ করেছে তিন হাজার ১৪ কোটি টাকা। যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৫৪ কোটি টাকা বেশি। গেল অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর এ তিন মাসে কৃষিঋণ বিতরণ হয়েছিল দুই হাজার ৭৫০ কোটি টাকা।
 
প্রতিবেদন পর্যালোচনায় আরো দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে কৃষিঋণ বিতরণ হয়েছিল মাত্র ৮৬২ কোটি টাকা। যা গেল অর্থবছরে জুলাই মাসের চেয়ে ৪ কোটি টাকা বা ৪ দশমিক ৭১ শতাংশ কম ছিল। কিন্তু আগস্ট ও সেপ্টেম্বর মাসে কৃষিঋণ বিতরণ বেড়েছে। আগস্ট মাসে কৃষিঋণ বিতরণ হয় ৯৫২ কোটি টাকা। আর সেপ্টেম্বর মাসে তা আরো বেড়ে হয়েছে এক হাজার ৩৯০ কোটি টাকা। গেল অর্থবছরের আগস্টে কৃষিঋণ বিতরণের পরিমাণ ছিল ৮০২ কোটি টাকা। আর সেপ্টেম্বর মাসে হয়েছিল এক হাজার ৪৩ কোটি টাকা।
 
এবার মোট ঋণের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য ৯ হাজার ২৯০ কোটি টাকা, বেসকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৬ হাজার ৭১৭ হাজার কোটি টাকা ও বিদেশি ব্যাংকগুলোর ২৯৩ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে। এছাড়া চলতি অর্থবছরেও ব্যাংকগুলোকে মোট ঋণের ন্যূনতম আড়াই শতাংশ কৃষি ও পল্লী খাতে বিতরণ করতে হবে। নতুন ব্যাংকগুলোর জন্য এ হার ৫ শতাংশ। যারা লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে না তাদেরকে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার অনর্জিত অংশ বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলক জমা করতে হবে। ব্যাংক এই জমার ওপর কোনো সুদ পাবে না।
 
গেল অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় টার্গেট পূরণে ব্যর্থ ব্যাংকের অনর্জিত অংশের ওপর ৩ শতাংশ হারে অর্থ বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলক জমা রাখার বিধান ছিল।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top