সেবা ডেস্ক: মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, রাশিয়ার বিমান বিধ্বস্ত করার বিষয়ে ইসলামিক স্টেট (আইএস) যে দাবি করেছে তা তাদের প্রপাগান্ডা। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসিকে আব্দুল ফাত্তাহ আল সিসি বলেছেন, বিমানটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনই বলা সম্ভব নয়।
প্রেসিডেন্ট সিসি বলেছেন, আইএস বিমানটি বিধ্বস্ত করেছে-এরকম প্রপাগান্ডা ছড়িয়ে মিসরের স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। সিনাইয়ের পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে।
বিমান বিধ্বস্তের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে না যেতে সতর্ক করে দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, সব কিছুকে মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।
শনিবার সিনাই উপত্যকায় ২২৪ আরোহী নিয়ে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে সব আরোহী মারা যান।
আইএস দাবি করেছে তারাই এই বিমানটি গুলি করে বিধ্বস্ত করেছে। কিন্তু এই দাবি নাকোচ করে দিয়েছে মিসর।
সোমবার রাশিরার বিমান কোম্পানি কোগালাইমাভিয়া দাবি করেছে, বাইরের আঘাতের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
তবে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থার প্রধান আলেকসান্দার নেরাডকো রাশিয়ান টিভিকে বলেছেন, বিমান কোম্পানির এই ধরনের বক্তব্য অপরিণত এবং সঠিক কোনো তথ্যের উপর ভিত্তি করে এই কথা বলা হয়নি।
