সেবা ডেস্ক: কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে দুই ভারতীয় সৈন্য নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় কাশ্মীরের পাক-ভারত সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির সেনাবাহিনী।
কাশ্মীরের বিতর্কিত সীমান্তে বিনা উস্কানিতে গুলিবর্ষণের জন্য ভারত ও পাকিস্তান প্রায়ই পরস্পরকে অভিযুক্ত করে। ২০০৩ সাল থেকে দেশ দুটির মধ্যে অস্ত্র বিরতি চলে আসছে, কিন্তু প্রায়ই প্রতিবেশী দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে অস্ত্র বিরতি লঙ্ঘন করার অভিযোগ করে। সোমবারের ঘটনাটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে যাওয়ার ঠিক আগে আগে ঘটলো। ৭ নভেম্বর মোদির কাশ্মীর যাওয়ার কথা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, পাকিস্তানি সেনারা মেশিনগান দিয়ে গুলিবর্ষণ করার পাশাপাশি গ্রেনেড নিক্ষেপ করেছে। গত বছর থেকে জম্মু ও কাশ্মীর সংলগ্ন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এই সময়ে এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। নতুন করে উত্তেজনা শুরু করার জন্যে উভয়পক্ষই পরস্পরকে দায়ী করেছে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দুইবার কাশ্মীর নিয়ে যুদ্ধে জড়িয়ে পরেছিল দেশ দুটি। বিবিসি।
