সেবা ডেস্ক: ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকাল পাঁচটার মধ্যে এবং ছাত্রীদের মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, দুপুরে আধিপত্য বিস্তারের চেষ্টায় ছাত্রদের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।
