সেবা ডেস্ক: কাগজ অনলাইন প্রতিবেদক: প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে আগামীকালের হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। সোমবার সন্ধ্যায় এ মিছিল করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। মিছিলটি শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, ‘মানুষের জানামালের নিরাপত্তা নেই। পঁচাত্তর সালে যে হত্যাকাণ্ড শুরু হয়েছে আজও তা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ব্লগার ও প্রকাশকদের হত্যা করা হয়েছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই হত্যাকাণ্ড একের পর এক ঘটিয়ে চলছে।’ সারা দেশে গণজাগরণ মঞ্চসহ সমমনা যেসব সংগঠন কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছে এবং যেসব মানুষ রাজপথে থাকবেন তাদের সবাইকে নিজেদের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণভাবে কমসূচি পালনের আহ্বান জানান ইমরান এইচ সরকার।
