সেবা ডেস্ক: ১৯৯৬ সালে নওগাঁর মান্দায় বহুল আলোচিত আবুল হোসেন হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম ওরুফে ধলাকে (৫৫) আটক করেছে মান্দা থানা পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে নজরুল ইসলামকে রাজশাহীর বাগমারা উপজেলা থেকে আটক করা হয়। তিনি মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ১৯৯৬ সালে বহুল আলোচিত আবুল হোসেনকে নজরুল ইসলামসহ আরো কয়েকজন মিলে হত্যা করে। হত্যা মামলায় নজরুল ইসলামসহ হত্যাকারীদের আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও আদালত আরো দশ হাজার টাকা জরিমানার রায় দেন। অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। রায়ের পর থেকে পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
নজরুল ইসলাম ঢাকা থেকে রাজশাহী গামী একটি বাসে আসছে এমন গোপন সংবাদ জানতে পেরে মঙ্গলবার ভোর রাতে পুলিশ ফোর্স নিয়ে রাজশাহীর বাগমারা থানা এলাকা থেকে আটক করা হয়।
আজ দুপুরে আদালতের মাধ্যমে নজরুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
