প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, ‘আমাদের দেশে অশুভবুদ্ধির জয় চলছে। শুভবুদ্ধি নিয়ে সাধারণ মানুষ চলতে চায়। তারা বিড়ম্বিত হয়, অপমানিত হয়, অসহায় বোধ করে।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আজিজ মার্কেটের সামনে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং তিন লেখক-প্রকাশককে হত্যা চেষ্টার প্রতিবাদে লেখক-শিল্পীরা নিজেদের বই পুড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে তিনি এসব কথা বলেন।
আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘শুভবুদ্ধির জাগরণ দরকার, এতে রাজনীতি, শিক্ষা, সাহিত্য সুস্থ হবে, মহত্প্রাণ জ্ঞানী মানুষের আত্মপ্রকাশ ঘটবে। তার মাধ্যমে আমাদের দেশ উন্নত হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে শুভবুদ্ধি-অশুভবুদ্ধি কাজ করে। কিন্তু শুভবুদ্ধি স্বতঃস্ফূর্তভাবে জয়ী হয় না, এর জন্য সচেতন প্রয়াস দরকার হয়। এই প্রয়াস হতে পারে ব্যক্তিগত, হতে পারে সংগঠিত।’

