চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদরাসা কেন্দ্রে নৈর্ব্যত্তিক প্রশ্নের সমাধান করে পরীক্ষার্থীদের মাঝে উত্তর পত্র বিতরণের অভিযোগে ওই কেন্দ্রের সুপার আসাদুজ্জামানসহ চারজনকে কারাদণ্ড ও চার শিক্ষককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেডিসি পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার উপজেলা সহকারী কমিশনার কানিজ ফাতেমার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত ঘিলাতলী মাদরাসায় এ অভিযান চালায়।
জানা গেছে, সোমবার জেডিসি পরীক্ষার উপজেলা ঘিলাতলী মাদরাসা কেন্দ্রে পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় তিনি নৈর্ব্যত্তিক প্রশ্নের সমাধান করা উত্তরপত্র বিতরণের সময় অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলেন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের মধ্যে কেন্দ্র সুপার কালিকাপুর আদর্শ দাখিল মাদরাসার অধ্যক্ষ আসাদুজ্জামান ও অফিস সহায়ক সোলেনাম মজুমদারকে দুই বছর এবং কক্ষ পরিদর্শক কালিকাপুর দাখিল মাদরাসার শিক্ষক নেয়ামত উল্ল্যাহ ও ঘিলাতলী মাদরাসার শিক্ষক আহসান হাবিবকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া একই অভিযোগে কক্ষ পরিদর্শক কালিয়াইশ ফাজিল মাদরাসার ইংরেজি প্রভাষক মো. ফয়জুল্লাহ, বাংলা প্রভাষক মো. শাহ মিরান, সহকারী শিক্ষক মো. আ. মতিন ও কাচিয়ারা আলিম মাদরাসার সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, ‘প্রত্যেকের বিরুদ্ধে অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।’

