জয়ের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ

Unknown
সেবা ডেস্ক: যুগ্ম-সচিবের কক্ষে ভাঙচুরের ঘটনায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দিয়েছে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কাজের সুষ্ঠু পরিবেশ চেয়ে মন্ত্রণালয়ের সচিব নুর মোহাম্মদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। রবিবার জাতীয় যুব দিবসের অনুষ্ঠানের ব্যানারে নিজের নাম না থাকায় জয় রবিবার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাশুক মিয়ার কক্ষে ভাংচুর করেন বলে অভিযোগ উঠেছে। যদিও জয় দাবি করেছেন, ভাঙচুর নয়, নিজের রুমে ডেকে যুগ্ম-সচিবকে শাসিয়েছেন তিনি। আজ সোমবার ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায় বেশ থমথমে পরিবেশ বিরাজ করছে। কোনো কর্মকর্তা-কর্মচারীই কক্ষ ভাংচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। জয়ও সোমবার সচিবালয়ে নিজের দপ্তরে আসেননি। যুগ্ম-সচিব মাশুক মিয়ার কক্ষও ছিল তালাবব্ধ। প্রতিমন্ত্রী বীরেন শিকদার মন্ত্রিসভার বৈঠক শেষ করেই আরেকটি অনুষ্ঠানে চলে যান। ক্রীড়া মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুগ্ম-সচিবের কক্ষ ভাঙচুরের ঘটনায় একজন সিনিয়র সচিবদের মাধ্যমে উপমন্ত্রীর নামে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা’। ক্রীড়া সচিব নূর মোহাম্মদ জানান, কক্ষ ভাঙচুরের ঘটনাটি তিনি মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেখভালের দায়িত্ব আমার। আমি অবশ্যই এসব বিষয় দেখব’। কর্মকর্তার কক্ষে ভাঙচুরের পর এনিয়ে ওই কর্মকর্তার সঙ্গে উপমন্ত্রীর কোনো কথা হয়েছে কি না বা বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ নিয়েছেন কি না- এমন প্রশ্নে সচিব বলেন, ‘এ বিষয়ে উপমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে’। তার সঙ্গে যুগ্ম-সচিবদের দেখা করার বিষয়টি স্বীকার করে নূর মোহাম্মদ বলেন, ‘তারা কাজের সুষ্ঠু পরিবেশ চেয়েছেন এবং পেশাদারিত্বের ভিত্তিতে মন্ত্রণালয়ে কাজ করতে চান’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে মঙ্গলবার নেদারল্যান্ডস যাচ্ছেন। তিনি ফিরলেই জয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে প্রধানমন্ত্রীর কাযালয় সূত্রে নিশ্চিত করেছে। জানতে চাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘কক্ষ ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। গণমাধ্যমে যেহেতু খবর এসেছে তাই অনেকেই জেনেছেন’। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলছেন, ‘অফিসিয়ালিএখনও কিছু পাইনি। তবে ঘটনাটি আমাকে জানানো হয়েছে’। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top