সেবা ডেস্ক: রিয়াল মাদ্রিদ ছাড়ার গুজবকে একেবারে উড়িয়ে দেননি ক্লাবটির তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বলেছেন, তার ভবিষ্যত এখনো অজানা।
৩০ বছর বয়সী এই তারকা স্প্যানিস ক্লাবটি ছাড়ছেন এই নিয়ে কানাঘুষা চলছেই। শোনা গেছে, রোনালদো তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও ফিরে যেতে পারেন।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদের সাথে রোনালদোর চুক্তি শেষ হয়ে যাবে। তিনি এখনো সিদ্ধান্ত নেননি এরপর কি করবেন। তবে নতুন করে আবারো সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন কিনা এই বিষয়েও কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।
জার্মান ম্যাগাজিন কিকার তাকে জিজ্ঞাস করেছিল রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? উত্তরে রোনালদো বলেছিলেন, কেন নয়? ভবিষ্যতে কি হবে তা আজকে কেউ বলতে পারে না। আপনাকে যেটা খুশি করবে আপনার সেটাই করা উচিত। তবে আমি বলতে পারি, আমি আমার ক্লাব ও পর্তুগালকে ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি। খবর: ডেইলি মেইল।
